
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে। দেশের প্রতিটি মানুষ যেন সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচিগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য সুরক্ষায় ইহেলথ কার্ড এর কার্যক্রম শুরু হয়েছে। কৃষিখাতকে চাঙ্গা করতে ১৫০০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কাজ চলছে। সুতরাং নির্বাচনের আগে জনগণকে আমরা যে ওয়াদা দিয়েছি- তা অবশ্যই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশাগুলো পূরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১২টায় ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে মেহেদীবাগ ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও ২১ জিসমাত সংগঠনের ব্যবস্থাপনায় সাধারণ মানুষের মাঝে “ঈদবস্ত্র বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর যাবৎ আমরা আপনাদের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট ছিলাম। আমাদের প্রতিটি নেতাকর্মী আপনাদের সুখে-দুঃখে সামর্থ্য অনুযায়ী পাশে ছিল। আপনারা বিপুল ভোটে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। ্আমি আপনাদের উন্নয়নে ও এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন। আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল ফয়েজ। বিএনপি নেতা নাছির উদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, মো. শহীদ, মো. একরাম, উল্লাস প্রমুখ।









