‘কুরআনকে জীবনে ধারণ করতে না পারলে মানুষের মুক্তির কোনো গ্যারান্টি নেই’

চট্টগ্রামে এক ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে না পারলে মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করা সম্ভব নয়। তারা কুরআনের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

৮ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল বাশার এসব কথা বলেন।
তিনি বলেন, কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং মানুষের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবক্ষেত্রে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে পারলেই মানবজাতির প্রকৃত কল্যাণ ও মুক্তি নিশ্চিত হবে। তিনি মুসলমানদের কুরআনের শিক্ষা গভীরভাবে অনুধাবন করে তা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। সভায় তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে কুরআনের শিক্ষা গ্রহণ করে তা বছরের বাকি সময়েও অনুসরণ করার মধ্যেই মুমিনের সফলতা নিহিত রয়েছে।
থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য তাওহীদ আজাদ, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, জাহান উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার আবুল কালাম, ইসমাইল হোসেন এবং শহীদুল্লাহ তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুরআনের নৈতিকতা ও ন্যায়বিচারের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে এবং একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে উঠবে। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন