
নিউজগার্ডেন ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং এবং এর ফলে জনজীবন ও শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।
আজ এক বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, সরকার একদিকে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় করে তুলছে, অন্যদিকে ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।
বিবৃতিতে তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরাসরি পরিবহন খরচ বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, শ্রমিকরা কর্মঘণ্টা ও আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই নীতির ফলে একদিকে সাধারণ মানুষ চরম কষ্টে দিন পার করছে, অন্যদিকে শিল্প খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। তারা বলেন, প্রকৃত সমস্যা সমাধান না করে কৃত্রিমভাবে কিছু কার্ড বিতরণের মাধ্যমে সরকারের দায় এড়ানোর চেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল।
বিবৃতিতে অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং শিল্প-কারখানার উৎপাদন সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
একইসঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।









