
নিউজগার্ডেন ডেস্ক: বাবাজান কেবলা হয়রত শাহসুফি আমানত খান (রহ.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দরবার প্রাঙ্গণ। ওরশ শরীফ উপলক্ষে সারাদিনব্যাপি বিভিন্ন ধর্মীয় মাহফিল, কোরান তেলওয়াত, খতমে খাজেগান, মিলাদ, আলোচনা সভা ও জিকিরের আয়োজন করা হয়েছে।
বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন থেকে মুক্তি পেতে নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। লাখো ভক্তের অংশগ্রহণে দেশ-জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণে মুনাজাত পরিচালনা করেছেন বাবাজান কেবলা ও বাবার আওলাদ ও সাজ্জাদানশীন মোতওয়াল্লী শাহসুফি আলহাজ্ব শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ খান (ম.জি.আ)। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানদেরকে সুরক্ষিত রাখতে এবং সুরক্ষা দিতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।
এনায়েত উল্লাহ খান বলেন, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনা জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আল্লাহর গজব আসতে থাকে, এ গজব থেকে বাছার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে আকুতি মিনতি করে ফানাহ চাইতে হবে।
এনায়েত উল্লাহ খান বলেন, কেয়ামত পর্যন্ত দিশেহারা মানুষের সংস্কার সাধনে যুগে যুগে আবির্ভূত হবেন আউলিয়া ও বুজুর্গানে দ্বীন। আত্ম-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক-অনৈসলামিক কার্যকলাপের দরুন বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুল হুদা,মাস্টার মাহবুবুর রহমান, শাজ্জাদানশীন শাহ সুফি ফৌজুল কবীর, শাহজাদা সালামত উল্লাহ খান, শাহজাদা ইজাজ উদ্দিন মো. আজিম খান, শাহজাদা আহমদ উল্লাহ, শাহজাদা হাফেজ মাহমুদুল্লাহ খান, শাহজাদা নুরুল্লা খান, শাহজাদা আহসান উল্লাহ খান, শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ, শাহজাদা ফরহাদ উদ্দিন মো. আলী খান, শাহজাদা আরিফ উল্লাহ খান তাইফ, শাহজাদা ফয়সাল উদ্দিন মো. আলী খান প্রমুখ।









