
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন কোরবানী পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত, বাজার কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
তিনি বলেন-দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী চট্টগ্রামের হাটগুলোতে সমাগম ঘটে বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার। তাই পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধানকল্পে জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং মানি স্কট সুবিধা থাকা উচিত। তিনি আরও বলেন-নগরীর বিভিন্ন পশুর হাটগুলো রাস্তা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তাই জনসাধারণের দুর্ভোগ লাঘবে যানজট নিরসন এবং নিরাপত্তা বিধানের লক্ষ্যে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া সড়ক বা ফুটপাতে কোরবানির পশু বিক্রি এবং চামড়া যাতে প্রক্রিয়াজাত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে ভ্রাম্যমান আদালত, আইন-শৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর মনিটরিং এর উপর গুরুত্বারোপ করেন।
চেম্বার সভাপতি বলেন-ঈদের দীর্ঘ ছুটিতে অনেকেই গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাবে। তাই বাসা বাড়ির নিরাপত্তা রক্ষায় নগর পুলিশকে আরও নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রেন, লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গাড়ীর গতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন-কোরবানীর বাজার দ্রুত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ঈদ-উল-আযহার দিনে দ্রুত কোরবানীর বর্জ্য অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি। একই সাথে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সম্মানিত চেম্বার সদস্য, ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।









