
মোঃ সাইফুল ইসলাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে জোরপূর্বক দোকান দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মো. এরশাদ (২৬) ও আলী আকবর (৫৫)। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুছ ছাত্তার চাতরী চৌমুহনী বাজারের দীর্ঘদিনের ফল ব্যবসায়ী। সম্প্রতি সিইউএফএল সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় বাজারসংলগ্ন বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বর্তমানে সেখানে ড্রেনেজ বা নালা নির্মাণের কাজ চলছে। উচ্ছেদের আগে ওই স্থানে আব্দুছ ছাত্তারের ব্যবসা প্রতিষ্ঠান ছিল বলে দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, চলমান উন্নয়নকাজের সুযোগ নিয়ে অভিযুক্তরা খাট ও বাঁশ দিয়ে জায়গাটি দখলের চেষ্টা করেন। এ সময় আব্দুছ ছাত্তার ও তার ভাইরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুছ ছাত্তার ও তার ভাই জামাল আহত হন।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, উন্নয়ন প্রকল্পের কারণে উচ্ছেদ হওয়া জায়গাগুলো নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এ সুযোগে কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা করছেন, যা বাজারের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
এ বিষয়ে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এস আই) মোমেন কান্তি দে বলেন, “চাতরী চৌমুহনী বাজার এলাকায় চার লেন সড়ক প্রকল্পের আওতায় নালার কাজ চলমান রয়েছে। এর মধ্যে কিছু ব্যক্তি খাট-বাঁশ দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাজারের ব্যবসায়ীরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।









