
নিউজগার্ডেন ডেস্ক: ‘মেধার আলোয় গড়ি আগামীর নক্ষত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্কুল-মাদ্রাসার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নক্ষত্র বৃত্তি পরীক্ষা ২০২৬ সহায়ক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৮ আগস্ট শনিবার নগরীর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর পরিচালক মুহাম্মদ শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইটিভির ব্যুরোচীফ মো: নুরুল কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু কিশোরদের মাঝে থাকা অসীম মেধা প্রতিভা সৃজনশীলতাকে বিকশিত করতে বহুমুখী পদক্ষেপ নেয়া প্রয়োজন। জ্ঞানচর্চা ও প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করতে পারলে তারাই আগামীদিনে আলো ও দ্যুতি ছড়াবে। তাদের সৃজনশীলতা মেধা ও প্রতিভার আলোয় দেশ আলোকিত ও সমৃদ্ধ হবে। প্রধান অতিথি মোঃ নুরুল কবির বলেন, আজ তারুণ্যের অবক্ষয় দেখে আমরা উদ্বিগ্ন। ডিজিটাল স্ক্রিনে শিশু কিশোররা সারাক্ষণ মজে থেকে মূল্যবান সময় নষ্ট করছে। এই অন্ধকার দিক থেকে শিশু-কিশোরদের বের করে আনতে হবে। মাত্রাতিরিক্ত ডিজিটাল আসক্তি রুখতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। মুখ্য আলোচক আফছার মাহফুজ বলেন, শিক্ষার সঙ্গে নৈতিকতার যোগসূত্র থাকতে হবে। একজন শিক্ষার্থী কেবল পড়াশোনায় কৃতিত্ব অর্জন করবে তা নয়, তার মাঝে নৈতিক চেতনা জাগ্রত করতে হবে। তবেই সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। সভাপতির বক্তব্যে শাহিন রেজা বলেন, ফুটন্ত ফুলের আসর শিশু-কিশোরদের আদর্শিক পাঠশালা শিশু-কিশোরদের জ্ঞানস্পৃহা জাগানো, তাদের মাঝে নৈতিকতার চর্চা জোরদার করাই ফুটন্ত ফুলের আসরের মূল লক্ষ্য। অনুষ্ঠানে নক্ষত্র বৃত্তি ২০২৬ সিলেবাসের মোড়ক উন্মোচন ও অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, পরিবেশ মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আফছার মাহফুজ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি লেকচারার কাজী আসিফ আশরাফী, প্রজ্ঞা ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা পরিচালক জয়সেন ভিক্ষু, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ রবিউল হাসান রবি। এসময় উপস্থিথ ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের কর্মকর্তা সায়মন রহমান সিয়াম, আমানত উল্লাহ অনি, দৌলতুল ইসলাম সাকলাইন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ওবাইদুল মুনতাসির, হোসেন মোবারক, জিয়াউল হক শান্ত, নাজমুল হাসান, মিনতাজুর রহমান মিনতাজ প্রমুখ।









