
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথম বার প্রফেসর আবু তাহের চৌধুরী আজ বিকেলে বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
আজ বিকেলে বাকশিস চট্টগ্রাম জেলা কার্যালয়ে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল সমীর কান্তি দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ জসীম উদ্দীনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর নেতৃবৃন্দ সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল দবির উদ্দিন খান, প্রিন্সিপাল মোস্তফা কামাল, ভাইস প্রিন্সিপাল সৈয়দ উদ্দিন, প্রফেসর সুকুমার দত্ত, প্রিন্সিপাল আবু তৈয়ব, প্রিন্সিপাল কল্যাণ নাথ, প্রিন্সিপাল সরোয়ার ছালেক সিকদার, প্রিন্সিপাল শ্যামল কান্তি মজুমদার, প্রফেসর আবু বকর ছিদ্দিকী, প্রিন্সিপাল জামাল উদ্দিন, প্রফেসর চয়ন দাশ, প্রফেসর মোহাম্মদ রাশেদ, প্রফেসর ফোরকান উদ্দিন লাহেড়ী, প্রফেসর ইন্দিরা চৌধুরী, প্রফেসর মনসুর উদ্দিন আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় প্রফেসর আবু তাহের চৌধুরী বলেন, শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান এবং শিক্ষায় বৈশ্বিক মান অর্জনের জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞানের ধারায় প্রযুক্তির উৎকর্ষতায় যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন এখন সময়ের দাবি। রাস্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত শিক্ষার ৯০% দায়িত্ব পালনরত অবহেলিত ও উপেক্ষিত বেসরকারি শিক্ষকদের নানামুখী সমস্যা সমাধান এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চরম বৈষম্য নিরসনে বাকশিসসহ প্রাচীণ শিক্ষক সংগঠনের অভিজ্ঞ নেতৃবৃন্দের সাথে বৈঠক করার জন্য তিনি মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহসানুল হক মিলন এমপি’র প্রতি উদাত্ত আহবান জানান।
সম্প্রতি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার সরকারি সিদ্ধান্তকে তিনি অদূরদর্শী, অবাস্তব ও অপ্রত্যাশিত উল্লেখ করেন। এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য আরও বাড়িয়ে দেবে মন্তব্য করে তিনি বলেন, সুনির্দিষ্ট জাতীয় নীতিমালার ভিত্তিতে প্রাথমিক স্তর পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিয়ে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার মাধ্যমে সকল সমস্যার সমাধান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
তিনি বাকশিস এর ১২ দফা দাবির ভিত্তিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বক্তারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অবিলম্বে ৯ম জাতীয় পে স্কেল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, সরকারি শিক্ষকদের অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পূর্নাঙ্গ পেনশন প্রদান, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি, বদলী নীতিমালার অসামঞ্জস্য দূরীকরণ, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর ও দপ্তরে ৫০% এমপিওভুক্ত শিক্ষকদের প্রেষণে নিয়োগদান এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য পূর্নাঙ্গ টাকা ৬ মাসের মধ্যে একসাথে প্রদানের দাবি জানান। সভায় শিক্ষকদের মর্যাদা সনদের ৬০ বছর পুর্তিতে বিশ্ব শিক্ষক দিবস ‘২০২৬ উপলক্ষে র্যালী, শিক্ষক সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।









