উম্মুলক্বোরা একাডেমির খুদে দুই শিশুর কুরআন হিফজ সমাপনী ও দোয়া মাহফিল

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত ধর্মীয় আস্থাশীল ও নির্ভরযোগ্য ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘উম্মুলক্বোরা মহিলা একাডেমি’র দুই শিক্ষার্থী পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে। সাফল্য অর্জনকারী এই দুই খুদে শিক্ষার্থী হলো— মাহফুজা আক্তার (১১) সাংবাদিক মোহাম্মদ মাসুদের কন্যা ও ইসরার জাহিন (৯)। দীর্ঘ ২৬ বছর ধরে সম্পূর্ণ মহিলা কেন্দ্রিক ও নারীদের দ্বারা পরিচালিত এই নির্ভরযোগ্য দ্বীনি প্রতিষ্ঠানে সম্প্রতি তাদের এই গৌরবময় অর্জন উপলক্ষে একটি হিফজ সমাপনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে একাডেমির মাসিক মেধাতালিকায় স্থান অর্জনকারী এবং শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খুদে হাফেজ ও হাফেজাদের এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে এক আনন্দঘন ও বরকতময় পরিবেশের সৃষ্টি হয়। এর মাধ্যমে যেমন হাফেজ-হাফেজাদের দীর্ঘদিনের স্বপ্ন ও সাধনার বাস্তব প্রতিফলন ঘটেছে, তেমনি সার্থক হয়েছে প্রতিষ্ঠানের অপরিসীম পরিশ্রম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কসমোপলিটন আবাসিক এলাকার রোড-১-এ প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আনাস ছোলতানী। সভাপতিত্ব করেন একাডেমির প্রধান পরিচালক মাওলানা শাইখ আখতার হোছাইন (হাফিজাহুল্লাহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুফতি আবু বকর সিদ্দিক তানভীর।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে উম্মুলক্বোরা মহিলা একাডেমি দ্বীনি ও ইসলামী শিক্ষার প্রসারে কাজ করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

দুই শিক্ষার্থীর অভিভাবকেরা তাঁদের সন্তানদের এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শিক্ষকদের আন্তরিকতা, পরিশ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইসরার জাহিনের অভিভাবক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষপর্বে দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, পরিবার ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে প্রধান অতিথি মাওলানা আনাস ছোলতানীর বিশেষ দোয়া ও মোনাজাতে সমাপ্তি হয়।

মন্তব্য করুন