
ফটিকছড়ি প্রতিনিধি, এ কে এম নাজিম উদ্দিন চৌধুরী: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪ নম্বর ভূজপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। এরই মধ্যে এলাকাবাসীর দাবি ও অনুরোধের পরিপ্রেক্ষিতে আবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে সন্তুষ্ট এলাকাবাসীর একটি অংশ তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। পাশাপাশি ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীরের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার চেয়ে অধিক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের কেউ চেয়ারম্যান পদে প্রার্থী হলে আমি নির্বাচনে অংশ নেব না। তবে এলাকাবাসীর দাবি ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।”
তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে ভূজপুর ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।








