
প্রধান বিচারপতির সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন, বিচারক ও আদালতের সংখ্যা বৃদ্ধি, মামলাজট নিরসন এবং আইনজীবীদের জন্য চেম্বার ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের মিলনায়তনে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন চট্টগ্রাম আদালতের অবকাঠামোগত সংকট, বিচারক স্বল্পতা ও মামলাজটের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রামের আদালতগুলোতে তিন লক্ষাধিক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। পর্যাপ্ত আদালত ও বিচারক না থাকায় বিচারপ্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একটি মামলায় বছরে মাত্র এক বা দুইবার তারিখ পাওয়া যায়। আদালতগুলোর ওপর অতিরিক্ত মামলার চাপ থাকায় বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট ও বিচারকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত সিএমএম আদালত ভবন এবং মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণ করা জরুরি। অন্যথায় চট্টগ্রামের বিচারব্যবস্থা আরও সংকটের মুখে পড়বে।
আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিচারিক কাঠামোর অপরিহার্য অংশ আইনজীবী সমিতি হলেও আইনজীবীদের জন্য সরকারি পর্যায়ে পর্যাপ্ত সুরক্ষামূলক বরাদ্দ নেই। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে প্রায় ১০ হাজার আইনজীবী রয়েছেন। তাঁদের অধিকাংশই প্রয়োজনীয় চেম্বারের অভাবে পেশাগত কার্যক্রম পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় আইনজীবীদের জন্য দুটি চেম্বার ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, চট্টগ্রামসহ বৃহত্তর অঞ্চলের বিপুলসংখ্যক বিচারপ্রার্থীকে হাইকোর্টে মামলা পরিচালনা ও ন্যায়বিচার পাওয়ার জন্য ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নানা ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা নিরসনে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সময়ের দাবি।
মতবিনিময় সভায় প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা ও আর্থিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রায় ৯০ শতাংশ এবং সরকারের পক্ষে দায়ের হওয়া মামলাগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ সরকারের বিপক্ষে যায়। বিচার বিভাগ স্বাধীন না হলে এমনটি সম্ভব হতো না।
প্রধান বিচারপতি আরও বলেন, পৃথিবীর কোথাও বিচার বিভাগ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। সামগ্রিক বিচার বিভাগের জন্য বরাদ্দ তুলনামূলকভাবে অনেক কম। তাই বিদ্যমান আর্থিক সক্ষমতার মধ্যে থেকেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। তবে বিচার বিভাগের স্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকারের দায়িত্ব পালনে সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও সাবেক এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জেলা জিপি অ্যাডভোকেট কাশেম চৌধুরী, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু) উপস্থিত ছিলেন।
এ ছাড়া নির্বাহী সদস্য আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলমসহ বিপুলসংখ্যক আইনজীবী সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় চট্টগ্রামের বিচারব্যবস্থার বিদ্যমান সংকট, মামলাজট নিরসন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব এবং আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।








