
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভূলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, তখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার জন্য একটি শক্তি হঠাৎ নিজেদের মতবাদ দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের কারণে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তাই জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।
তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে নগরীর জামাল খান ওয়ার্ডের আবেদিন কলোনিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামাল খান ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের রায়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন। ফ্যামিলি কার্ড, সকলের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বেকারভাতাসহ যুগান্তকারী পদক্ষেপ নেবেন। দুর্নীতি, লুটপাট বন্ধ করে মাঠে ঘাটে, কল কারখানায় উন্নয়ন উৎপাদনের জোয়ার সৃষ্টি করবেন।
জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও দিদারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা মো. আলি, কামাল উদ্দিন, হাসানুল করিম, ওমর ফারুক স্বপন, দিদারুল আলম, শাহ নেওয়াজ। উপস্থিত ছিলেন যুবদল নেতা আলী হোসেন, ইমরান হোসেন, নূর হোসেন, মো. ফারুক প্রমূখ।









