ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে চান্দগাঁও থানা বিএনপির সভা

সদ্য ঘোষিত চান্দগাঁও থানাধীন ওয়ার্ড সমূহে বিএনপির কমিটি গঠনের সংবাদে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন সর্বস্তরের নেতাকর্মী। ঘোষিত কমিটি বাতিল করে আলোচনার ভিত্তিতে নতুন কমিটির দাবিতে ৫ জুন (বৃহস্পতিবার) সকালে চান্দগাঁও থানা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর ৩ জুন (মঙ্গলবার) চান্দগাঁও থানার আওতাধীন ০৪নং চান্দগাঁও, ০৫নং মোহরা, ০৬নং পূর্ব ষোলশহর ও ৪৫নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

ঘোষিত এই কমিটি তৃণমূলের পরীক্ষিত নেতৃত্বকে চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ১৬ বছর আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম যারা ভূমিকা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, তাদের এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি।

ত্যাগী ও যোগ্য নেতৃত্বের পরিবর্তে কমিটিতে নিষ্ক্রিয় ও অসাংগঠনিক লোকেরা স্থান পেয়েছে, দলের দু:সময়ে যাদের কোন ভূমিকা ছিল না।

চান্দগাঁও থানা বিএনপির নেতাকর্মীদের মতামতকে অগ্রাহ্য করে ব্যক্তি বিশেষের খেয়ালখুশি মতো এই কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির নেতৃবৃন্দের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই ০৪নং চান্দগাঁও ওয়ার্ড কে বিভক্ত করে ০৪নং চান্দগাঁও ওয়ার্ড ও ৪৫নং সাংগঠনিক ওয়ার্ড নামে দুটি আলাদা কমিটি করা হয়েছে যা একটি হঠকারী সিদ্ধান্ত।

তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা এই পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

অবিলম্বে এসব ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানাই।

আগামী দিনে ভোটের মাঠ ও রাজপথ অনুকূলে রাখতে গ্রহণযোগ্য নেতৃত্বই তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাশা করে।

তাদের মতামতকে প্রাধান্য দিয়ে পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠনের জন্য দলের হাইকমাণ্ডের প্রতি আহবান জানাচ্ছি।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, সদস্য জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মসিহউদ্দৌলা জাহাঙ্গীর, ফজল আমিন মাসুম, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটন, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি নেতা আবু বক্কর, মো. আলম, মনছুর আলম, মো. আলমগীর, আনোয়ার হোসেন, মাহবুব আলম, সিরাজুল ইসলাম, দিদার হোসেন, মানিক চৌধুরী, দানু সও., মো. বাদশা, জমির উদ্দিন মানিক, মো. সিরাজ প্রমুখ।

মন্তব্য করুন