সমৃদ্ধ পটিয়া গড়তে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম। তিনি বলেন, ২৪’র আন্দোলনে দুই হাজারের অধিক শহীদ এবং হাজার হাজার ছাত্র জনতার পঙ্গু আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের রক্ত যাতে বৃথা যেতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

আপনারা জানেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। সে ভোট যাতে ন্যায় ও সত্যের পক্ষের শক্তি বিজয়ী হতে পারে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তির দাপট চলবে না। নির্বাচনের আগেই যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার সহযোগী সম্মেলন ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ফখরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. নুরুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানী, বক্তব্য রাখেন একর্ড হোল্ডিং এর চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন, মহানগরী ব্যাংকার্স থানার নায়েবে আমীর আকতার হোসেন, আহমেদুর রহমান, কালারপোল থানা আমীর মাষ্টার মো. নাছির উদ্দীন, উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন, হাসমত আলী প্রমুখ। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা জয়নাল আবেদীন আয়াজ।

মন্তব্য করুন