পিআর পদ্ধতিতে বিভেদের রাজনীতি বিদায় নেবে: নজরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ শুদ্ধ করতে ও মেধাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় অনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতির নির্বাচন সময়ের দাবি। তিনি বলেন, “মনোনয়ন বাণিজ্য, কালো টাকার প্রভাব ও প্রভাবশালী গোষ্ঠীর দখলদারিত্বের রাজনীতি দূর করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতি চালু হলে বিভেদের রাজনীতি স্থায়ীভাবে বিদায় নেবে ইনশাআল্লাহ। তবেই ‘জুলাই বিপ্লব’-এর চূড়ান্ত সফলতা অর্জিত হবে।”

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ও ত্যাগী নেতারা সংসদে প্রবেশের সুযোগ পাবেন। এতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

১ জুলাই নগর জামায়াতের উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট গণ- অভ্যুত্থানেশহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমীন, সহকারী সেক্রেটারী ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি লুৎফর রহমান ও মাওলানা সিদ্দিকুল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর শুরা সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ এবং ডবলমুরিং থানা আমীর ফারুক আজম।

বক্তারা শহীদদের স্মরণে দোয়া করেন এবং গণতন্ত্র ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন