নিউজগার্ডেন ডেস্ক: ব্যাংকিং বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান চৌধুরী নাঈম রহমান-এর সভাপত্বিতে কমিটির প্রথম সভা অদ্য ২৭ আগস্ট বিজিএমইএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও ব্যাংকিং বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ এস. এম. আবু তৈয়ব- সম্প্রতি এক্সিম ব্যাংক সহ দেশের পাঁচটি ব্যাংক একীভূতকরণে সরকারী সিদ্ধান্তের কারণে ব্যাংকিং খাতে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
একীভূতকরণের প্রক্রিয়া চলমান থাকায় বর্তমানে অনেক ব্যাংক শাখায় স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছে। আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট এলসি খোলা, রপ্তানি বিল গ্রহণ ও ছাড়, বৈদেশিক মুদ্রা লেনদেনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে দেরি ও জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফলশ্রুতি ভূক্তভোগী কারখানা গুলো সময়মত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে না পারলে শ্রমিক অসন্তোষের সমূহ আশংকা রয়েছে।
ব্যাংকিং বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব চৌধুরী নাঈম রহমান বলেন- দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতকে সচল রাখতে ব্যাংকিং সেবায় কোনো ধরনের বিঘœ ঘটানো যাবে না। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় যেন গ্রাহকসেবা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয়, এলসি খোলা ও বৈদেশিক মুদ্রা লেনদেনে জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ ও শিল্প খাতে স্বাভাবিক আর্থিক প্রবাহ নিশ্চিত করা সহ সৃষ্ট অচলাবস্থার দ্রুত সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোড় দাবী জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র ব্যাংকিং বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মুসা, হামিদুর রহমান, সাহেদ সাইফুল ইসলাম সহ বিজিএমইএ’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।