
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের সহযোগিতা ও দোয়া পেলে তিনি হিন্দু-বৌদ্ধসহ সকল কমিউনিটির সেবক হিসেবে কাজ করতে চান। তিনি এমন একজন জনপ্রতিনিধি হতে চান, যিনি মানুষের কল্যাণে নিবেদিত থাকবেন এবং জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করবেন।
২৯ আগস্ট সন্ধ্যায় নগরীর খুলশী কলোনী এলাকায় চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করায় খুলশী নারীসমাজ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী নারী কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা বেগম।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ এবং সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী নারী কল্যাণ সমিতির সেক্রেটারি মুন্নী বেগম।
এছাড়া বক্তব্য রাখেন খুলশী কলোনী মহল্লা কমিটির সেক্রেটারি মনিরুল হক মনু, মসজিদ কমিটির সেক্রেটারি ব্যাংকার আবু তাহের, খুলশী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এস এম নুর হোসাইন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার দিদার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আলী করিমুল্লাহ হারুন, মোহাম্মদ শামীম, আবুল খায়ের , ইঞ্জিনিয়ার ওসমান, শামসুন্নাহার বেবি, লাভলী আক্তার , ইঞ্জিনিয়ার আনিসা আক্তার, চম্পা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা, আর শামসুজ্জামান হেলালী ইতোমধ্যেই সেই আস্থা অর্জন করেছেন।
হেলালী তার বক্তব্যে আরও বলেন, তিনি এমন একটি সমাজ গড়তে চান যেখানে সবাই সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। চট্টগ্রাম-১০ আসনের প্রতিটি মানুষ যেন উন্নয়নের অংশীদার হতে পারে, সেটিই তার রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “আমি চাই মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। জনগণের আস্থা অর্জন করা কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এটি আজীবনের দায়িত্ব ও সংগ্রাম।”
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শামসুজ্জামান হেলালীর জন্য দোয়া কামনা করেন।









