
নিউজগার্ডেন ডেস্ক: দোহাজারী পৌরসভার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা অ-রাজনৈতিক সংগঠন ‘দোহাজারী নাগরিক কমিটি কমিটি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ (সোমবার) নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক মো: আলী আকবর-এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনির-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মো: আলী আকবর বলেন, এলাকার উন্নয়ন কখনো একক রাজনৈতিক দল বা ক্ষমতাশালী ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিক ঐক্য এবং সক্রিয়, সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগ। ‘দোহাজারী নাগরিক কমিটি কমিটি’র এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, একটি অ-রাজনৈতিক, সার্বদলীয় প্ল্যাটফর্ম থেকে নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনির বলেন, দোহাজারীতে দীর্ঘদিন ধরে এমন একটি সচেতন নাগরিক প্ল্যাটফর্মের অভাব ছিল। বর্তমান কমিটির সাহসী পদক্ষেপ এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ করবে।
মো: আলী আকবরকে সভাপতি ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনিকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি নাগরিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও পরিবেশবান্ধব দোহাজারী গড়ে তুলতে কাজ করবে।
সমাপনী বক্তব্যে সমাজসেবক ও কমিটির নবনির্বাচিত সভাপতি মো: আলী আকবর বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, রাজনীতি ও প্রশাসনের বাইরে থেকে নাগরিকদের সমস্যা ও উন্নয়ন নিয়ে কাজ করার মতো একটি প্ল্যাটফর্মের অভাব। সেই শূন্যতা পূরণেই আমাদের এই প্রয়াস। সকলের আন্তরিক সহযোগিতা পেলে দোহাজারীকে থানায় রূপান্তর করা কোন ব্যাপারই হবে না।
সাধারণ সভায় দোহাজারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-ছাত্র এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমাজ উন্নয়নমূলক একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়









