
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে ধর্মীয় আবহ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে একাডেমির শহিদ লিয়াকত আলী ক্যাডেট ব্লক ডাইনিং হল ও একেএম নুরুল আমীন স্কয়ারে একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মচারী (স্থায়ী ও অস্থায়ী), ৬০তম এবং ৬১তম ব্যাচের প্রি-সী ক্যাডেট এবং পোস্ট সী অফিসার ক্যাডেটগণের সম্মিলিত অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিগত ০১ রমজান হতে ২০ রমজান পযর্ন্ত ২০দিনব্যাপী অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, আজান ও কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মিলিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি বমান্ড্যান্ট নৌপ্রকৌ. মোঃ মনজুরুল কবীর।
একাডেমির এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মিলিত ইফতার মাহফিলে একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা/প্রশিক্ষক ও কর্মচারী এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন। ক্যাডেটদের সুরেলা কণ্ঠে আজান ও কিরাত প্রতিযোগিতা একাডেমিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামের সৌন্দর্য ও শুদ্ধ উচ্চারণে আজান ও কিরাত চর্চা গড়ে তুলতে এ আয়োজন করা হয়। এ ধরণের আয়োজন সমাজে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আমাদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে কমান্ড্যান্ট আজান ও কিরাত প্রতিযোগিতায় বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।









