
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এ মাস মানুষের মধ্যে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার এক দীর্ঘ প্রশিক্ষণ প্রদান করে। মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী আয়োজন হিসেবে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর। এটি আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে।
শুভেচ্ছা বার্তায় তিনি বর্তমান জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতি এমন এক সময়ে ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন দেশ জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। অনেক আহত ও পঙ্গু ব্যক্তি এখনো বাসা ও হাসপাতালে কষ্টে দিন কাটাচ্ছেন এবং শহীদ পরিবারগুলোতে বিরাজ করছে শোকের আবহ। বেদনাহত জাতি বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য নবগঠিত সরকারের দিকে প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতেও তিনি দেশবাসীকে ধৈর্য, সংহতি ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।
তিনি চট্টগ্রাম মহানগরীবাসীসহ দেশ-বিদেশের সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
তিনি বলেন, ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। রমাদানের দাবি হলো কুরআনের আলোকে একটি তাকওয়া ভিত্তিক ইসলামী সমাজ কায়েম করা। রাসূল (সা.) এবং খোলাফায়ে রাশেদীনের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবস্থার আদলে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই মানুষ সেখানে সত্যিকারভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই।
প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমি চট্টগ্রামবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।









