ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর সমুদ্রতীরবর্তী ঐতিহাসিক রাণী রাসমণি বারুণী স্নানঘাট-এ ‘সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উৎসব’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মহোৎসবে ঋষি, বৈষ্ণব, সাধু-সন্ন্যাসী ও অসংখ্য পুণ্যার্থীর মিলনমেলা বসে।

চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে ১৬ মার্চ গঙ্গা আহ্বান ও শুভ অধিবাসের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ১৭ মার্চ সকাল থেকে পুণ্যস্নান, পূজা-অর্চনা, বৈষ্ণব সেবা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন পুণ্যার্থীরা। দিনব্যাপী আয়োজনে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মসম্মেলন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহাদাত হোসেন। মেয়র তাঁর বক্তব্যে বলেন,

বারুণী স্নান উৎসব এই অঞ্চলের বহু পুরোনো ঐতিহ্যের অংশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় আমরা বিশ্বাসী। চট্টগ্রামকে সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি, যা আমাদের সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

 

ধর্মসম্মেলনের উদ্বোধন করেন ডাঃ বাদল কান্তি দেবনাথ। মহান অতিথি ছিলেন সাঈদ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহেদুল ইসলাম মিয়া, জনাব ইসরাফিল খসরু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লায়ন আর. কে. দাশ রুপু, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সদানন্দ ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী বাবুল কান্তি নাথ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সুমন
যুগ্ম আহবায়ক ( দপ্তরের দায়িত্বে)
চট্টগ্রাম মহানগর ছাত্রদল,
লায়ন ডাঃ নারায়ণ দেবনাথ, শ্রী আয়ান শর্মা, শ্রী রাজীব ধর তমাল, শ্রী বিপ্লব পার্থ, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ এবং শ্রী রিংকু শর্মাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এ মহাতীর্থ বারুণী স্নান উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শেষে দেশ ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

 

মন্তব্য করুন