
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরের জনবহুল পাহাড়তলী অঞ্চলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় ৬ একর বিস্তৃত হাজী ক্যাম্পকে আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজে রূপান্তরের দাবিতে বৃহত্তর পাহাড়তলীর সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজুর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, মুসল্লী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বছরের পর বছর অবহেলা ও উদাসীনতায় পাহাড়তলীর হাজী ক্যাম্প আজ কার্যত পরিত্যক্ত, জরাজীর্ণ ও অরক্ষিত স্থাপনায় পরিণত হয়েছে। একসময় সম্ভাবনাময় এই সরকারি সম্পদ বর্তমানে মাদকসেবী, সন্ত্রাসী ও অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থলে পরিণত হওয়ায় স্থানীয় জনজীবনে নিরাপত্তাহীনতা বাড়ছে। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার এলাকাবাসীর উদ্বেগকে চরমে পৌঁছে দিয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “এত গুরুত্বপূর্ণ ও বিশাল সরকারি সম্পত্তি বছরের পর বছর পরিত্যক্ত পড়ে থাকা খুবই দুঃখজনক এবং জনস্বার্থের পরিপন্থী। পাহাড়তলী, সরাইপাড়া ও আশপাশের বিপুল জনগোষ্ঠীর জন্য আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়োপযোগী দাবি। এই পরিত্যক্ত হাজী ক্যাম্পকে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা হলে একদিকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে অপরাধপ্রবণ এই এলাকার উন্নয়ন ও নিরাপত্তা সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, অব্যবহৃত সরকারি স্থাপনাকে অপরাধের আখড়া হিসেবে ফেলে না রেখে জনকল্যাণে ব্যবহার করতে হবে। চট্টগ্রামের উত্তরাংশে বিশেষায়িত স্বাস্থ্যসেবার ঘাটতি দীর্ঘদিনের বাস্তবতা। পাহাড়তলী হাজী ক্যাম্পে একটি আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে স্থানীয় বাসিন্দার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের বিপুল জনগোষ্ঠী উপকৃত হবে। এটি স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতায়ও ভূমিকা রাখবে।তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বাবুল হক। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদার রহমান সুমন, সাবেক এসপি কামরুল হাসান, ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হানউদ্দিন প্রধান, সাবেক ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব নুর সেলিম বাঙালি, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান সরোয়ার সেন্টু, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব রাজু খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নান্টুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে অবিলম্বে পাহাড়তলী পরিত্যক্ত হাজী ক্যাম্পে আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বৃহত্তর পাহাড়তলীবাসীর প্রাণের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি ও দ্রুত পদক্ষেপ কামনা করা হচ্ছে।









