
চট্টগ্রাম নগরীর সুলতান আহমেদ কলেজ থেকে নারকেলতলা পর্যন্ত সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বাস্তবায়নাধীন এ উন্নয়ন কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে উন্নয়ন কাজে সর্বোচ্চ মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নগরবাসীকে টেকসই ও উন্নত সড়ক সুবিধা দিতে চসিক আন্তরিকভাবে কাজ করছে। কোনো ধরনের নিম্নমানের কাজ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত ও মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, সুলতান আহমেদ কলেজ থেকে নারকেলতলা পর্যন্ত সড়কটি নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোর একটি। প্রতিদিন হাজারো যানবাহন ও সাধারণ মানুষ এ সড়ক ব্যবহার করেন। তাই জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে কার্পেটিং কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম, মো. আলী এবং মেয়রের একান্ত সহকারী (রাজনৈতিক) জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।









