
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের পরিচালক মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, বাস টার্মিনাল ও টেম্পু স্ট্যান্ডসহ সব জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরের জামালখানস্থ ফেডারেশনের কার্যালয়ে থানা ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক।
মজিবুর রহমান ভূঁইয়া বলেন, “শ্রমিকের সন্তান পার্লামেন্টে গেলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। বর্তমান সরকার অতীতের সরকারের মতো দুঃশাসন ও শোষণ করলে তাদেরও পালিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “এদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না। বাস টার্মিনাল, টেম্পু স্ট্যান্ডসহ সব জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অন্যায়কে দেশের মানুষ প্রশ্রয় দেবে না।”
মজিবুর রহমান ভূঁইয়া আরও বলেন, “পতিত ফ্যাসিস্টরা এদেশে ফিরে আসতে পারবে না। বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ক্ষমতায় থাকতে চায় না। বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে দলীয় লোক বসিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এসব কর্মকাণ্ড টেকসই সরকারের লক্ষণ নয়।”
তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীরা ত্যাগ ও তিতিক্ষায় বিশ্বাসী। “জেল-জুলুমকে তারা স্বাভাবিকভাবে নেয়। তাদের দমিয়ে রাখা যাবে না।”
সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সংগঠন সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি জনশক্তিকে তিনজন করে নতুন জনশক্তি বৃদ্ধি, ইউনিট গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ ইসহাক বলেন, “সংগঠনকে গণমানুষের সংগঠনে রূপ দিতে হবে। প্রতিটি সেক্টর, থানা ও ওয়ার্ডে কার্যক্রম বিস্তৃত করতে হবে।”
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, “চট্টগ্রাম বন্দরের সিবিএ নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐতিহাসিক ভূমিকা পালন করবে। বন্দরের নিয়ন্ত্রণ প্রকৃত শ্রমিক নেতাদের হাতে থাকলে দেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না।”
এতে আরও উপস্থিত ছিলেন নগর ফেডারেশনের সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।
সম্মেলনে থানা ও সেক্টরের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ বৃন্দ উপস্থিত ছিলেন।









