
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম রবিবার সন্ধ্যা ৭টায় সিটি কলেজে হামলায় গুরুতর আহত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা আশরাফুল ইসলাম-কে দেখতে তার বাসায় যান।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সিটি কলেজ এলাকায় ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালিয়ে আশরাফুল ইসলামের পায়ের গোড়ালি কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাকে চট্টগ্রামে আনা হয়।
এসময় মহানগর জামায়াতের আমীর আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কিছু সময় পাশে থেকে সাহস ও সান্ত্বনা প্রদান করেন। পরে তিনি আহত ছাত্রনেতার সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন।
নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রশিবিরের ওপর হামলা, সেগুন বাগান ইসলামী পাঠাগারে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও চাঁদাবাজী এবং ফয়েজলেক এলাকায় জামায়াত কর্মীর দোকান দখল ইত্যাদি ঘটনার দোষী ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদের গ্রেফতার করে অনতিবিলম্ব শাস্তি দাবী জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, পাহাড়তলী থানা জামায়াতের আমীর মুহাম্মদ নুরুল আলম, ছাত্রশিবির পাহাড়তলী থানার সভাপতি মীর মহিউদ্দিন এবং শিবির নেতা মোহাম্মদ মাশহুদুল করিম খান প্রমুখ।









