
পবিত্র ঈদুল আযহার আনন্দে শ্রমিক দরিদ্র পরিবার গুলোকে শামিল করতে ৪৩৫৬ শ্রমিক পরিবারে গোশত বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী।
নগরীর দরিদ্র ও কুরবানি দিতে অসমর্থ শ্রমিক পরিবারগুলোতে গোশতের গিফট প্যাক পৌঁছে দিয়েছে ফেডারেশন। এ বিষয়ে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, প্রতি বছর ঈদুল আযহার সময় শ্রমিক পরিবারে গোশত বিতরণ আমাদের নিয়মিত কর্মসূচি। উত্তরোত্তর এই পরিধি বড়ো করার চেষ্টা করছি আমরা। প্রতি বছর আরও অধিক শ্রমিক পরিবারে এই উপহার পাঠানোর জন্য পরিশ্রম করছি। শ্রমিকদের মর্যাদা ও সম্মান যেন খাটো না হয়, সেজন্য আমরা আনুষ্ঠানিকতা পরিহার করে ঘরে ঘরে গিয়ে গোশত উপহার দিয়েছি।
নগর সভাপতি আরও বলেন, প্রতি বছর ঈদুল আযহার সময় ফেডারেশন তিনভাবে গোশত সংগ্রহ করে শ্রমিক পরিবারে বিতরণ করে থাকে :
১. কুরবানিদাতার কাছ থেকে কুরবানির প্রাণী সংগ্রহ করে ফেডারেশনের ব্যবস্থাপনায় কুরবানি করে গোশত বিতরণ।
২. কুরবানিদাতা সুধী-শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের কাছ থেকে কুরবানির গোশত সংগ্রহ করে বিতরণ।
৩. দানশীল বিভিন্ন ব্যক্তির দান-সদাকা একত্রিত করে গরু-ছাগল জবাই করে গোশত বিতরণ।
উপর্যুক্ত পদ্ধতিতে এ বছর চট্টগ্রাম নগরীর ৩১টি স্পটে গোশত বিতরণ করেছে ফেডারেশন। গোশত বিতরণ কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, দফতর সম্পাদক স ম শামীম, মহানগরীর কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও বিভিন্ন থানা ও সেক্টরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
গোশত বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে ও আনন্দদায়ক পরিবেশে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও আপনাদের সহযোগিতায় আমরা প্রায় ৪৩৫৬ অসহায় ও দরিদ্র শ্রমিক পরিবারে কুরবানির গোশত বিতরণ করতে সমর্থ হয়েছি। শ্রমিকদের ঘরে ঘরে ও বাসা-বাড়িতে গিয়ে গোশত পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের ওপর আস্থা রাখায় আমরা সম্মানিত দাতাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি এই ঈদের দিনেও গোশত বিতরণ ব্যবস্থাপনায় সময় দেওয়া নেতাকর্মীদের।









