
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে সহকারী প্রকৌশলীকে সিবিএ পরিচয়ে কিছু শ্রমিকনেতা কর্তৃক লাঞ্ছিত ও শারীরিকভাবে আঘাত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।
আজ এক প্রতিবাদ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর এক সহকারী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের ব্যানার ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড কেবল কর্মক্ষেত্রের নিরাপত্তাকেই বিঘ্নিত করে না, বরং আইনের শাসন ও সুশৃঙ্খল প্রশাসনিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।
তারা বলেন, শ্রমিক আন্দোলনের মূল চেতনা হলো ন্যায়, শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠা। সন্ত্রাস, সহিংসতা ও শারীরিক নির্যাতনের মাধ্যমে কোনো দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য বা বিরোধ থাকলে তা আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে।
নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ খাতসহ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতির শেষে এস এম লুৎফর রহমান ও আবু তালেব চৌধুরী বলেন, সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংলাপ এবং আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।









