চারিত্রিক মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে: মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে উন্নত চরিত্র, সততা, নৈতিকতা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। তিনি বলেন, চারিত্রিক মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

আজ শুক্রবার অনুষ্ঠিত সদরঘাট থানা জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, ইনসাফ এবং মানবকল্যাণ প্রতিষ্ঠার জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ শাহজাহান কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করাই একজন ইসলামী কর্মীর অন্যতম দায়িত্ব।

সদরঘাট থানা আমীর এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান বক্তা মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে আল্লাহভীরু, আমানতদার, দায়িত্বশীল, ধৈর্যশীল ও আত্মত্যাগী হতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটিয়ে সমাজের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক আনুগত্য এবং মানুষের কল্যাণে নিবেদিত সেবাই একজন সফল কর্মীর প্রধান বৈশিষ্ট্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।

শিক্ষা শিবিরে সদরঘাট থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়নে দক্ষ, সুশৃঙ্খল ও জনমুখী কর্মীবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন