
নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের সাথে চায়না ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কম এর প্রতিনিধিদলের সাথে ২০ জুন এক সৌজন্য সাক্ষাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী ও সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার চৌধুরী (আমজাদ), আমান উল্লা আল ছগির (ছুট্টু), মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মোঃ আফসার হাসান চৌধুরী (জসিম), মোঃ জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম ও মোঃ সেলিম নুর, আলিবাবা ডট কম এর পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার, সিনিয়র স্পেশালিস্ট ও বাংলাদেশ চ্যানেল ম্যানেজার ওয়াং কিলিং ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঝাং সুহাই ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার ট্যাং হংজিয়া টিনা, বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সোনোবার মাইরা, বাংলাদেশস্থ ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ ও কনসালট্যান্ট সাজিদ বিন সোলায়মান উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন-বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য বন্ডেড ওয়্যারহাউস এবং ফ্রি-ট্রেড জোন করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে আনোয়ারায় চায়না বিশেষায়িত ইকোনমিক জোন বাস্তবায়নে সরকার অনুমোদন দিয়েছে। যেহেতু ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কম বিশ^ব্যাপী অনলাইনে পণ্য সরবরাহ করে থাকে। তাই বাংলাদেশের বিভিন্ন পণ্য আলীবাবার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আহবান জানান। একই সাথে চায়না বিশেষায়িত অঞ্চল এবং সরকার নির্ধারিত ফ্রি-ট্রেড জোনে রপ্তানি নির্ভর পণ্য উৎপাদন এবং ইনটেক সার্ভিস স্টেশন করার আহবান জানান চেম্বার সভাপতি। তিনি বলেন-চায়না বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্যের কারণে উভয়দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ গড়ে উঠেছে। তাই এক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধির কোন বিকল্প নেই। তিনি আলীবাবা ডট কমের বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ই-কমার্স, AI ট্রেনিংসহ সব ধরণের উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
আলিবাবার জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন-১৯৯৯ সালে বিশে^র অন্যতম বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কম প্রতিষ্ঠিত হয়। বিশে^র প্রায় ৫০ মিলিয়নের অধিক সক্রিয় ক্রেতা রয়েছে এই প্রতিষ্ঠানের। এছাড়া দুই লাখের অধিক সাপ্লাইয়ার্স থেকে দুই বিলিয়নের অধিক পণ্য সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। যেহেতু বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠি রয়েছে তাদের কথা বিবেচনায় রেখে আলীবাবা ডট কম বাংলাদেশে কিভাবে আরও ব্যবসা সম্প্রসারণ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এগ্রো এবং সীফুডের উল্লেখযোগ্য উৎপাদনশীলতা রয়েছে এবং বিশ^ব্যাপী এর চাহিদাও রয়েছে। তিনি বলেন-বাংলাদেশে তৈরিপোশাকের বাইরে পণ্য বৈচিত্র্যকরণ ও রপ্তানি এবং ই-কমার্স ও এসএমই উদ্যোক্তাদের আলীবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। এরই অংশ হিসেবে আমরা চট্টগ্রামে আলী বাবার সেন্টার উদ্বোধন করা হয়েছে যেখানে ব্যবসায়ীরা প্রশিক্ষণসহ রপ্তানি বৈচিত্র্যকরণ সংক্রান্ত তথ্য পাবে।
প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন-বাংলাদেশে এখনও ই-কমার্স উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হয়নি। এজন্য প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণ। তাছাড়া আলীবাবা যেহেতু বিশ^ব্যাপী পণ্য সরবরাহ করে থাকে তাই বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ই-কমার্স এর সম্প্রসারণ এবং রপ্তানি বৈচিত্র্যকরণে ভূমিকা রাখতে পারে আলীবাবা ডট কম।









