
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জ্ঞান অর্জনের যাত্রা কখনো শেষ হয় না। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই একজন প্রকৌশলীকে সারাজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে, নতুন প্রযুক্তি আয়ত্ত করতে হবে এবং উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা প্রয়োজন। তিনি আরও বলেন, যন্ত্রকৌশল প্রকৌশলবিদ্যার অন্যতম মৌলিক ও বিস্তৃত শাখা। শিল্পায়ন, জ্বালানি, উৎপাদন, অটোমেশন, রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং টেকসই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যন্ত্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের সঙ্গে কর্মজীবনে আত্মপ্রতিষ্ঠিত হয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।
আজ ৩০ জুন (মঙ্গলবার) ২০২৬ খ্রি: বিকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে “এমই-২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী, অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদমান সারার, সানাউল হক জয় এবং সাইমা ইসলাম সাবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী ও নাভিয়া হাসান।









