পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফ ও বাজার ফান্ডের জমির উপর ব্যাংক ঋণ চালুর দাবি

বান্দরবান প্রতিনিধি: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের মতো চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে স্বাগত জানালেও, একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এ সুবিধার বাইরে রাখায় বৈষম্য তৈরি হয়েছে। একই সঙ্গে বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করারও দাবি জানান তিনি।

সংগঠনটির দাবি, পার্বত্য অঞ্চলে শিক্ষা, চাকরি, ব্যবসা ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে থাকা বাঙালি জনগোষ্ঠীর জন্যও সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন