চট্টগ্রামে পানিবন্দি মানুষের সেবায় শ্রমিক কল্যাণের ৩১ টিম

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সার্বিক তত্বাবধানে ৩১টি টিম গত ৭ জুলাই থেকে নগরীর বিভিন্ন বন্যাদুর্গত ও জলাবদ্ধ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

টিমগুলো চট্টগ্রাম মহানগরীর ১৫ টি প্রশাসনিক থানা ও বিভিন্ন শ্রমিক সেক্টর সহ পানিবন্দী ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ, অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান, প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ এবং দুর্গত মানুষের খোঁজখবর ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

৩১ টিমের নেতৃত্বে রয়েছেন মহানগরীর নির্বাহী কমিটির সদস্য,থানা ও সেক্টরের সভাপতি- সাধারণ সম্পাদকের নেতৃত্বে থানা ও সেক্টরের নেতৃবৃন্দ।

এ বিষয়ে এস এম লুৎফর রহমান বলেন, দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিটি টিম সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন