নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতের ফলে পুরো চট্টগ্রাম সহ সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকায় স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া সদর উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
রবিবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাছের উদ্যোগে সাতকানিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়ার চন্দনা পাড়া এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ আনাছ বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করতে ছাত্রদলের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ দিদারুল আলম, মো. আইয়ুব, জয়নাল আবেদীন শিবলু, মো. জাবের সহ সাতকানিয়া সদর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।