চট্টগ্রামে বন্যার্তদের পাশে বিজিএমইএ, মানবিক সহায়তা অব্যাহত

নিউজগর্ডেন ডেস্ক: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছে বিজিএমইএ। মঙ্গলবার (১৪ জুলাই) বন্যার্ত মানুষের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে বিজিএমইএ’র পক্ষ থেকে ২০০ বস্তা ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরী।

এ সময় বিজিএমইএ’র পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস.এম. আবু তৈয়ব, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, বিজিএমইএ’র বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের মধ্যে ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী শফিকুল ইসলাম (টিটু), আরশাদ-উর-রহমান, সিএমপি ও বিজিএমইএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ হস্তান্তরকালে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিজিএমইএ’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ত্রাণ সামগ্রী দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া হবে।

বিজিএমইএ’র নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিএমইএ’র নৈতিক ও সামাজিক দায়িত্ব।

উল্লেখ্য, আগামীকাল (বুধবার) বিজিএমইএ’র উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়াসহ বন্যাদুর্গত এলাকার ক্ষত্রিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

মন্তব্য করুন