মশক নিধনে সিটি কর্পোরেশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে : লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে মশক নিধনে আরও কার্যকর, সমন্বিত ও জবাবদিহিমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আজ সদরঘাট থানার উদ্যোগে অসহায় শ্রমিক পরিবারের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফছার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া।

এস এম লুৎফর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; নগরজুড়ে নিয়মিত মশক নিধন অভিযান, জলাবদ্ধতা দূরীকরণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে অসহায় শ্রমিক পরিবারের মাঝে মশারি বিতরণ সেই সামাজিক দায়বদ্ধতারই অংশ। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এস এম মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক আমির হোসেন সুমন, ৩০ নম্বর ওয়ার্ড সভাপতি নিয়াজ মাকদুম মাসুম, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম এবং মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন