জুলাই যোদ্ধা হৃদয় চন্দ্র তরুয়ার ২য় মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মন্দিরে প্রার্থনা

নিউজগার্ডেন ডেস্ক: জুলাই আন্দোলনের শহীদ জুলাই যোদ্ধা হৃদয় চন্দ্র তরুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হৃদয় চন্দ্র তরুয়ার গলায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রামে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা প্রায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২০২৪ সালের ২৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিরিঙ্গিবাজার হরিজন সেবক কলোনিস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সর্দার সুরেশ চন্দ্র দাশ, কমিটির পঞ্চায়েত সর্দার হরিচন দাশ এবং যুব কল্যাণ সংঘের সভাপতি দিলীপ প্রসাদ দাশ। বক্তারা হৃদয় চন্দ্র তরুয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন এবং তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এদিকে একই দিনে বায়েজিদ থানার অন্তর্গত পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের হরিপুর দাশপাড়ায় হরিপুর যুব সংঘের উদ্যোগে প্রয়াত হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট শ্রী শ্রী কালী মন্দিরে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে মন্দিরের সাধারণ সম্পাদক অমল কর্মকার, মন্দিরের সাবেক সভাপতি তমাল শর্মা চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য অমল শিকদার এবং মন্দিরের পুরোহিত বিপ্লব চক্রবর্তী।

প্রার্থনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে হৃদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা দেশের শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রার্থনা সভাগুলোতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে হৃদয় চন্দ্র তরুয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন