
নিউজগার্ডেন ডেস্ক: “আমরা একটি স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্ত দিতে হয়েছে। তাই সেই অর্জনকে ধরে রাখতে এবং দেশকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়।”
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান এসব কথা বলেছেন।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আল-আমিন সংঘের উদ্যোগে আয়োজিত ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু সুফিয়ান বলেন, “আজ যারা পুরস্কার পেয়েছ, তোমাদের সততা, নিষ্ঠা ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই পারে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে।”
তিনি আরও বলেন, “বেগম রোকেয়ার আদর্শ নারী শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশ গঠনে শিক্ষিত, দক্ষ ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই।”
অনুষ্ঠানে বক্তব্য গুণিজন সংবর্ধনা দেওয়া হয় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলামকে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। উদ্বোধক ছিলেন আল-আমিন সংঘের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বৃত্তির পরিচালক জহির উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া স্মৃতি কমিটির উপদেষ্টা এস. এম. শোয়াইবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এমদাদুল হক বাদশাহ, আরব প্রপার্টিজ লিমিটেড ও ইলিয়াস আরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস এবং নাহার এগ্রো গ্রুপের ডিএমজি আলাউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও নগর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। গুণীজন সম্মাননায় ভূষিত হন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম। ব্যবসায় খাতে সম্মাননা গ্রহণ করেন পান মেরিন লাইনস লিমিটেড ও ব্লু স্কাই ফ্যাশন লিমিটেডের পরিচালক মো. আসলাম। নগর উন্নয়ন খাতে সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরীকে।
এছাড়া অনুষ্ঠানে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয় এবং চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর হাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।









