বাঁশখালীর জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে সরকার: ত্রাণমন্ত্রী

নিউজগর্ডেন ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবেলা করতে না হয় সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার দরুন স্বাভাবিক বৃষ্টি হলেই দু-কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালসমূহ খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ঢুবে সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পরে মন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন