
নিউজগর্ডেন ডেস্ক: পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নগরীর শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে তিনটি গ্রুপে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের কর্মকর্তা ও সাংবাদিক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মির্জা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আবু সোলায়মান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আ ন ম আব্দুশ শাকুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানবজাতি তথা সারা জাহানের জন্য রহমতস্বরূপ। নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই, অর্থাৎ শৈশবকাল থেকেই তিনি ছিলেন সত্যবাদী, মানবিক ও বিশ্বস্ত। এ কারণেই মক্কাবাসী তাঁকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেছিলেন।”
তিনি বলেন, “যুবক বয়সে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুলুল্লাহ (সা.) হিলফুল ফুজুল নামক একটি সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমাজে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন। বর্তমান সমাজ থেকেও অন্যায়, অত্যাচার ও সকল প্রকার অপরাধ নির্মূল করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “বেশি বেশি কুরআন-হাদিস অধ্যয়ন ও চর্চার মাধ্যমে নিজেদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তুলতে হবে।” এ সময় তিনি উপস্থিত সকলের প্রতি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সুন্দর ও নৈতিকতাসম্পন্ন জীবন গঠনের আহ্বান জানান।









