
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিআরটিএ’র উপপরিচালক প্রকৌশলী তৌহিদুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের ঢালাও অভিযোগ তুলেছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।
সোমবার কাজীর দেউড়ীতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে তাকে তদন্তকালীন সময়ে চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিনসহ আরো কয়েকজন।
তবে সংবাদ সম্মেলনে অভিযোগের সমর্থনে কোনো সুনির্দিষ্ট নথি, লেনদেনের রসিদ, গাড়ির তথ্য কিংবা প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করতে পারেনি অভিযোগকারীরা।
এ অবস্থায়, অভিযোগগুলোর সত্যতা নিয়ে উপস্থিত সাংবাদিকসহ সকলের কাছে প্রশ্ন উঠেছে, অভিযোগকারীদের অন্তর্নিহিত কোন উদ্দেশ্য আছে কিনা তবে অভিযোগকারীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অভিযোগ সত্য হলে প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একইভাবে অভিযোগ ভিত্তিহীন হলে একজন কর্মকর্তাকে হয়রানি বা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ও নির্ধারণ করা প্রয়োজন।
তাই অভিযোগের সত্যতা যাচাইয়ে বিআরটিএ’র নথি, অনলাইন রেকর্ড, অনুমোদন ফাইল ও সিসিটিভি ফুটেজ তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।









