নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম কোনো সহজ পথ নয়। এ সংগ্রামে ঈমান, আমল, ত্যাগ ও কোরবানির মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজে দ্বীনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে মুমিনকে তার জান-মাল, সময় ও মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, একজন অগ্রসর কর্মীর প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, কোরআন-সুন্নাহর জ্ঞান অর্জন, নিয়মিত আমল ও আত্মশুদ্ধি। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের সর্বস্তরে ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিকূলতা ও নানা পরীক্ষার মধ্যেও দ্বীনের পথে অবিচল থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিজেদের চরিত্র ও নৈতিকতার উৎকর্ষ সাধনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্য ও মানবিক আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে। জ্ঞান, চরিত্র ও ত্যাগের সমন্বয়ে নিজেদেরকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে পারলেই দ্বীনের দাওয়াত মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া সম্ভব।
আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মনসুরুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর মাওলানা সৈয়দ আব্দুল মোমিন, বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস ছালাম আজাদ, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার প্রমুখ।
উক্ত অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা শিবিরে কর্মীদের ব্যক্তিগত আমল-আখলাক, আত্মশুদ্ধি, ইসলামী জ্ঞানার্জন, সাংগঠনিক দায়িত্বশীলতা, দাওয়াতি কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।