নিউজগর্ডেন ডেস্ক: বাঁশখালী ইকোপার্কের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বাঁশখালী ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, 'বাঁশখালী ইকোপার্ক একসময় দেশের সনামধন্য পর্যটন স্পট ছিল। কিন্তু অযতœ, অবহেলায় ইকোপার্ক তার ঐতিহ্য, জৌলুশ হারিয়েছে। ইকোপার্ক নিয়ে সরকারের পক্ষ থেকে একটি মেগাপ্রকল্প প্রস্তুত করা হয়েছে। যা একনেকে অনুমোদনের অপেক্ষায়। প্রকল্পটি একনেকে অনুমোদন হতে কিছুটা দেরী হলেও আপাতত কিছু বরাদ্দ দিয়ে আমরা ইকোপার্কের উন্নয়ন কাজ শুরু করতে চাই। ইকোপার্কে মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। বখাটে, দুষ্কৃতকারীরা যাতে ইকোপার্কের পরিবেশ নষ্ট না করতে পারে তার জন্য প্রশাসন সজাগ থাকবে। ইকোপার্কের আগে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া কালভার্টটি জরুরী ভিত্তিতে সংস্কার করা হবে এবং ইকোপার্ক সড়ক টু হরলিয়া মুড়া একটি মিনি সেতু নির্মাণ করা হবে। ইকোপার্ক যাতে আগের মতো আবার পর্যটক ও দর্শনার্থীতে মুখরিত হয়ে ওঠে তার জন্য বন ও পরিবেশ মন্ত্রীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হবে।'
এসময় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হক, সংসদ সদস্যের সহকারী জি এম সাইফুল ইসলাম, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আবদুর রহীম, সেক্রেটারী রবিউল আলম প্রমুখ।