গত ৩০/০৯/২০২৬ ইং তারিখে CHDNEWS-এ প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে কুউদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং আমার মালিকানাধীন সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও ভূয়া তথ্য প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। প্রকাশিত ওই সংবাদের মাধ্যমে আমার মালিকানাধীন সম্পত্তি সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার সামাজিক ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। তাই উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি নিম্নস্বাক্ষরকারী মোহাম্মদ আইয়ুব (৪৩), পিতা—মৃত মোহাম্মদ ইসহাক, সাং—আইয়ুব কোম্পানী বাড়ী, দেওয়ান বাজার, ডি.সি. রোড, ১৭ নং ওয়ার্ড, পশ্চিম বাকলিয়া, থানা—চকবাজার, জেলা—চট্টগ্রাম। তপশীলভুক্ত সম্পত্তি আমার খরিদা সম্পত্তি। উক্ত সম্পত্তি ক্রয়ের পর আমার নামে নামজারি খতিয়ান সৃজন করা হয়েছে এবং নিয়মিত সরকারি কর-খাজনা পরিশোধ করে আসছি। সম্পত্তিতে সেমিপাকা ঘর নির্মাণ করে ‘আইয়ুব কোম্পানীর বাড়ী’ হিসেবে ভাড়াটিয়া লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছি।
আমার মালিকানাধীন উক্ত সম্পত্তির ওপর কোনো প্রকার চলাচলের রাস্তা না থাকা সত্ত্বেও এবং আর.এস. ও বি.এস. মৌজা সিটে কোনো রাস্তার উল্লেখ না থাকা সত্ত্বেও, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক কোনো প্রকার রাস্তা অধিগ্রহণ না করা সত্ত্বেও, কিছু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনা ও ইন্ধনে আমার সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা করা হচ্ছে। অথচ উক্ত স্থানে পূর্ব থেকে কোনো চলাচলের রাস্তা বা নালা নেই।
এ বিষয়ে আমি বাদী হয়ে বিজ্ঞ ২য় সিভিল জজ আদালত, চট্টগ্রামে অপর ৭২/২৬ ইং নম্বর চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত শুনানি শেষে তপশীলভুক্ত জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। আদালতের এমন নির্দেশ থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমার মালিকানাধীন সম্পত্তি নিয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে।
এছাড়া, কুউদ্দেশ্যে এবং আমার মালিকানাধীন সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে গত ৩০/০৯/২০২৬ ইং তারিখে প্রকাশিত উক্ত ভূয়া ও বিভ্রান্তিকর সংবাদের মাধ্যমে আমাকে ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং মান-সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। প্রকৃত বিষয় ও চলমান আইনগত প্রক্রিয়া যথাযথভাবে যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশের কারণে আমি ক্ষুব্ধ ও মর্মাহত।
তপশীল
জেলা—চট্টগ্রাম, থানা—সাবেক পাঁচলাইশ, তৎপর চান্দগাঁও, বর্তমানে—চকবাজার, মৌজা—বাকলিয়া, বি.এস. ২২৬৭ নং খতিয়ান, আগত বি.এস. নামজারি ১৬৪৩৮, ২৬-৫০২৭ ও ২৬-৫২২৯ নং খতিয়ানের বি.এস. ১৭২৩৮ ও ১৭২৩৯ দাগাদিতে ০.০৭৭২ একর নাল, বর্তমানে ভিটি ভূমি, যা বিরোধীয় সম্পত্তি।
উপরোক্ত কারণে ৩০/০৯/২০২৬ ইং তারিখে CHDNEWS-এ প্রকাশিত উক্ত সংবাদকে আমি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকাশিত সংবাদের প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
মুহাম্মদ ইলিয়াছ উদ্দিন
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট বিভাগ)
ও জজ কোর্ট, চট্টগ্রাম