দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে রাজপথ উত্তাল

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ চট্টগ্রামের রাজপথ।

গতকাল শনিবার দুপুর থেকে মানববন্ধন ও বিক্ষোভের পর প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় বৃহত্তর দোহাজারীকে উপজেলা ঘোষণা করা জরুরি। ২০১৮ সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকবল নিয়োগ ও প্রয়োজনীয় গাড়ি ও যন্ত্রপাতি বরাদ্দ প্রাপ্ত ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।

এছাড়াও দোহাজারীকে বাদ দিয়ে অন্য কোনো উপজেলা মেনে নেবেন না বলেও জানান তারা। দাবি আদায়ে সামনে বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন