
নিউজগার্ডেন ডেস্ক: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হলো ১৪ অক্টোবর শহিদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় সদস্য (অর্থ)-চবক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব আলম তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ প্ল্যানিং/চবক এবং বিদ্যালয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মাহবুব মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত এবং এস.এস.সি-২০২৬ এ জিপিএ- ৫.০০ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের যুগোপযোগী নির্দেশনা প্রদান করেন। সভাপতি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে ওঠার জন্য অনুপ্রেরণা দিয়ে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন শিল্পী জাহিদুল ইসলাম (সাংস্কৃতিক শিক্ষক), সংগীত পরিচালনায় ছিলেন সঞ্জয় কুমার পাল (সহ. শিক্ষক) এবং রুবাইয়াত জাহান (সহ. শিক্ষক), নাট্য পরিচালনায় সাজেদা বেগম (কো-অর্ডিনেটর), ফ্যাশন শো পরিচালনা করেন সানজিদা শারমিন (সহ. শিক্ষক) এবং আবৃত্তি নির্দেশনায় ছিলেন সহ. শিক্ষক আবদুল্লাহ পরশ।
এছাড়া অনুষ্ঠানে ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করেছেন শিক্ষক রোকসানা পারভীন রুপসা ও শফিকুল ইসলাম। সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








