৩১ দফার পথেই থাকুন: মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিশেষ রুকন (সদস্য) সম্মেলন আজ শনিবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগরী আমীর লক্ষ্যে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের যেসব রুকন পূর্বনির্ধারিত তারিখে ভোট দিতে পারেননি, তাঁদের আজকের সম্মেলনে ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “স্বৈরাচারের পথে না হেঁটে অন্তত আপনাদের ৩১ দফার পথেই থাকুন।” তিনি বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক অঙ্গীকার ও ঘোষিত কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রুকনদের মান উন্নয়নের জন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, ইসলামী জ্ঞান অর্জন, ব্যক্তিগত আমল-আখলাকের উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে। একজন রুকনকে আদর্শিক দৃঢ়তা, নৈতিক চরিত্র, ধৈর্য, প্রজ্ঞা ও মানুষের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটানোর পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই সংগঠনের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর শূরা সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী প্রমুখ।

 

মন্তব্য করুন