ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি নিজের রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি জানান, তাঁর চাচা আলহাজ্ব আবদুল মোনায়েম চৌধুরী পাকিস্তান ও বাংলাদেশ আমলে দীর্ঘ ৪৭ বছর প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, তাঁর পিতা আলহাজ্ব বদিউল আলম চৌধুরীর নির্দেশনা এবং ঐতিহ্যবাহী উকিল বাড়ির সম্মান অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে তিনি পরপর দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বলে উল্লেখ করেন।
আবুল কাশেম চৌধুরী বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকাবাসীর সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। স্থানীয় মানুষের সঙ্গে সেই সম্পর্ক ও ভালোবাসার বন্ধন এখনো অটুট রয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিদিনই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নিজ বাসভবন উকিল বাড়িতে এসে অনুরোধ জানাচ্ছেন। এলাকাবাসীর এই অনুরোধ ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে নির্বাচনী তফসিল, প্রার্থিতা ও পরবর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কাঞ্চননগর ইউনিয়নে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ বজায় থাকবে।