চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে তিন শিক্ষার্থী চাপা পড়েছেন। এতে মাইশা মুশফিরাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর আরও দুই সহপাঠী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি লরি পাশাপাশি যাওয়ার সময় একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীর ওপর পড়ে। তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা মুশফিরাতের মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।