নিউজগর্ডেন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত (২১)-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এক শোকবার্তায় নগর আমীর বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে অপেক্ষমাণ অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন, সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোকাহত। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁদের এই অপূরণীয় শোক ও কষ্ট সহ্য করার তাওফিক দান করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত আইআইইউসির শিক্ষার্থী রাজিয়া ও অপর আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন।
মহানগরী আমীর আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মহাসড়কে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মহাসড়কে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ, গতিসীমা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।