চট্টগ্রামের করপোরেট জগতে ক্রীড়া উন্মাদনা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে শেষ হলো ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসর।
জমকালো এই প্রতিযোগিতার ফাইনালে শক্তিশালী ক্লিফটন গ্রুপকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক এশিয়ান গ্রুপ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টায় বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২-১ গোলের ব্যবধানে ক্লিফটন গ্রুপকে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিক এশিয়ান গ্রুপ।
এশিয়ান গ্রুপের হয়ে জোড়া গোল করেন তুষার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে গিয়ে খেলাধুলার এই মেলবন্ধন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ-মনের বিকাশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজনের বিকল্প নেই। এশিয়ান গ্রুপ চট্টগ্রামে যে ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, তা সত্যিই অনুকরণীয়।
টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ব্যস্ত করপোরেট জীবনের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই আমরা প্রতিবছর এই আসরের আয়োজন করি। আমাদের মূল উদ্দেশ্য ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের নতুন ক্ষেত্র তৈরি করা।
আয়োজনের লক্ষ্য নিয়ে এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম জানান, দেশের শীর্ষ করপোরেট হাউজগুলোকে এক ছাদের নিচে এনে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের বড় সুযোগ তৈরি করেছে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগ। প্রতি আসরেই আমরা নতুন মাত্রা যোগ করার চেষ্টা করি।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। গত ৩০ অক্টোবর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়ায় আসরটি। প্রেস বিজ্ঞপ্তি
ক্যাপশন: তৃতীয়বারের মতো বিজয়ী এশিয়ান গ্রুপের হাতে ট্রপি তুলে দেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।